পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ার পোনা নদীতে পড়ে নিখোঁজ চার সন্তানের বাবা দিনমজুর মন্টু সরদারের (৪০) লাশ শনিবার বিকেলে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেছে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম ইত্তেফাককে জানান, বেলা পৌনে তিনটার দিকে স্থানীয় খাউলিয়া ব্রিজ সংলগ্ন খালে একটি লাশ ভাসতে দেখে তারা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিখোঁজ মন্টুর স্বজনরা এখবর পেয়ে থানায় এসে লাশ মন্টুর সনাক্ত করার পর রাত সাড়ে আটটার দিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ১ নভেম্বর ভাণ্ডারিয়ার পোনা নদীতে একটি মালামাল বহনকারী নৌকা থেকে পড়ে নিখোঁজ হয় মন্টু। তিনি ভাণ্ডারিয়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের তোতা সরদারের ছেলে।
ইত্তেফাক/কেকে
