ফুলবাড়ীতে দুই মাদক সেবনকারীকে পুলিশে দিল জনতা

আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ২২:৪০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মদ পান করে অকথ্য ভাষায় গালাগাল করার সময় জনতা দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চর গোরকমণ্ডল আনন্দ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার সাপটানা গ্রামের মৃত মোহাম্মদ আলী পাটোয়ারীর ছেলে শামিম রেজা(৪০) এবং একই  উপজেলার ইটাপোতা গ্রামের মৃত আব্দুল গনির ছেলে এসরাইল হোসেন(৩৩)। আটকদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হাজতে রাখা হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই দুই ব্যক্তি মদ পান করে বাজারের পূর্ব পাশের রাস্তায় দাঁড়িয়ে বাজারগামী পথচারীদের অকথ্য ভাষায় গালাগাল করিছল। এক পর্যায়ে পথচারী ও বাজারের লোকজন জড়ো হয়ে তাদের আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ফুলবাড়ী থানার সেকেন্ড অফিসার সেলিমুর রহমানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই দুই মাদক সেবনকারীকে আটক করে থানায় নিয়ে আসে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে।

ইত্তেফাক/নূহু