আইফোন মানেই নতুন কোনো চমক। আইফোনের এক একটি নতুন মডেল বাজারে আসার সঙ্গে সঙ্গে চারিদিকে তৈরি হয় উন্মাদনা। সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে অ্যাপলের সদর দফতরে আইফোন-১০ উন্মোচন হওয়ার পর থেকেই এটি হাতে পাওয়ার জন্য উন্মুখ ছিল ক্রেতারা।
তবে এর জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে ৩ নভেম্বর পর্যন্ত। যদিও ২৭ অক্টোবর থেকে আইফোন-১০ কেনার জন্য অগ্রিম অর্ডার গ্রহণ করেছে কোম্পানিটি। এত চাহিদার কারণ আইফোন-১০ এ প্রয়োজন হবে না ফিঙ্গার প্রিন্ট। ব্যবহারকারীর মুখ দেখলেই খুলবে ফোন। ৫.৮ ইঞ্চির সুপার রেটিনা ডিসপ্লে, বায়োনিক চিপ, তারবিহীন চার্জের সুবিধা ও উন্নত রিয়ার ক্যামেরা রয়েছে আইফোন-১০ এ। এমন অত্যাধুনিক একটি সেট হাতে পাওয়া তাই যেন স্বপ্নের মত একটি বিষয়।
অ্যাপলের নতুন ফোনটি হাতে পেয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে ভারতের মহারাষ্ট্রের বাসিন্দা মহেশ পালিওয়াল যা করেছেন তা রীতিমত অবিশ্বাস্য। নতুন মোবাইল ফোনটি হাতে পেয়ে বিয়ের বরের সাজে ব্যান্ডপার্টি নিয়ে নেমে পড়েন রাস্তায়। ঘোড়ায় চেপে রাস্তা দিয়ে যাওয়ার সময় তার সামনে পেছনে ছিল ব্যান্ডপার্টির সদস্যরা।
আর মহেশের হাতে ছিল ‘আই লাভ আইফোন ১০’ লেখা একটি ব্যানার। মহেশের এই আইফোনপ্রীতির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এনডিটিভি
ইত্তেফাক/আনিসুর
