তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকারের সারাদেশে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে রানীভবানী খ্যাত নাটোর জেলার ঐতিহাসিক চলনবিল অধ্যুষিত সিংড়া পৌরসভার জনসাধারণের শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিত করণের লক্ষ্যে ১৫.০৮ কিলোমিটার সড়ক ও ২.৯ কিলোমিটার ড্রেন নির্মাণের কাজ চলমান রয়েছে। যথাযথ সময়ে কাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার রাত ৯টার দিকে সিংড়া পৌর এলাকার ১২নম্বর ওয়ার্ডে শৈলমারী হতে হাজীপুর পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করার সময় প্রতিমন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন। এসময় নাটোরের সিংড়া পৌরসভায় চলতি অর্থ বৎসরে প্রায় ১২ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ওই সড়ক ও ড্রেন নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস, সাবেক ইউপি চেয়ারম্যান আদেশ আলী সরদার, জেলা পরিষদ সদস্য রায়হান কবির টিটু, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নওশের আলী, যুবনেত্রী রুনা খাতুন প্রমুখ।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের 'তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় টেন্ডারকৃত প্রকল্পসমূহের মধ্যে রয়েছে ২২টি সড়ক এবং ৯টি ড্রেন নির্মাণের কাজ, যা চলতি অর্থ বৎসরেই বাস্তবায়ন করা হবে। প্রায় ১২ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১৫.০৮ কিলোমিটার সড়ক ও ২.৯ কিলোমিটার ড্রেন নির্মাণের স্কিমসমূহের বাস্তবায়ন কাজ শেষ হলে যাতায়াত ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হবে এবং মানুষের জীবনযাত্রার মান ও উন্নত হবে।
ইত্তেফাক/জামান
