হাতিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১৩:০৯
 
নোয়াখালীর হাতিয়ার নলচিরা-জাহাজমারা সড়কের নন্দরোডের মাথায় মোটরসাইকেলের ধাক্কায় সেলিম (১৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, নিহত সেলিমের বাড়ি হাতিয়া পৌরসভার চরকৈলাশ এলাকায়। এ ঘটনায় তপন চন্দ্র দাস (৫০) ও পরীক্ষিত চন্দ্র দাস (৪৫) নামে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। আহতদের বাড়ি চর ইশ্বর ইউনিয়নের খাসেরহাট এলাকায়। পরীক্ষিত চন্দ্র দাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া তপন চন্দ্র দাসকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
 
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে নয়টার দিকে মোটরসাইকেলযোগে তপন চন্দ্র দাস ও পরীক্ষিত চন্দ্র দাস ওছখালির দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মো. সেলিমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সেলিম মারা যান এবং মোটরসাইকেল আরোহী দুজন গুরুতর আহত হন।
 
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় এখনও মামলা হয়নি।
 
ইত্তেফাক/জামান