পাবনার সদর উপজেলার মজিদপুরে বাস, নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নছিমন চালক রোকন আলী (৪৫)। তিনি সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের আত্রাই গ্রামের মৃত মনছের আলীর ছেলে। অপরজনের নাম সম্রাট (৩০)। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সময় রাজশাহী থেকে একটি যাত্রীবাহী বাস পাবনায় যাচ্ছিল। বাসের সামনে একইদিকে যাচ্ছিল গরুবোঝাই করা ওই নছিমন। পথিমধ্যে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মজিদপুর নামক স্থানে দ্রুতগতির বাসটি ওভারটেক করতে গিয়ে নছিমনকে ধাক্কা দেয়। এতে নছিমন রাস্তার পাশে উল্টে গিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই নছিমন চালক রোকন মারা যান।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সম্রাটকে মৃত ঘোষণা করেন। আহত অপর ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মোটরসাইকেল চালক পলাশের (৪০) অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ইত্তেফাক/জামান
