খুলনায় গ্লোরি জুট মিল লিমিটেডের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে রূপসা উপজেলার জাবুসায় জুট মিলটির ১ নম্বর গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আজ দুপুর ১টার দিকে শেখ মনিরুজ্জামানের মালিকানাধীন গ্লোরি জুট মিলের ১নম্বর গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গুদামের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এসময় বিপুল পরিমাণ মুজদকৃত পাট পুড়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।
খুলনার আঞ্চলিক ফায়ার সার্ভিস অফিসের উপ-পরিচালক মো. আবুল হোসেন জানান, ফায়ার ব্রিগেডের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিকাল পাঁচটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ডাম্পিংয়ের কাজ চলছিল। তবে, কিভাবে আগুন লেগেছে এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।
ইত্তেফাক/এমআই
