কুড়িগ্রামের উলিপুরে প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরে দুগ্রুপের সংঘর্ষে আহত মিঠুন চন্দ্র (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মিঠুন উলিপুর পৌরসভার রাজারামক্ষেত্রী গ্রামের তুলসি দাস বর্মনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের মদন চন্দ্রের মেয়ের সঙ্গে প্রতিবেশি খগেন চন্দ্রের ছেলে ভূষন চন্দ্রের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। গত শনিবার দুপুরে এর জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মৃত চেংটু দাসের পুত্র তুলসি দাস বর্মন, তুলসি দাস বর্মনের পুত্র মিঠুন চন্দ্র, সুদর্শন চন্দ্রের স্ত্রী আরতি রানী, কমল চন্দ্রের পুত্র রনজিৎ কুমার, টগর রামের পুত্র পরিমল চন্দ্র, লক্ষী নারায়ণের স্ত্রী নন্দ রানী ও খগেন চন্দ্রের স্ত্রী পূর্নিমা রানী আহত হন। আহতদের মধ্যে তুলসি দাস বর্মন ও মিঠুন চন্দ্রের অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয। রবিবার ভোরে মিঠুন চন্দ্রের মৃত্যু হয়।
ইত্তেফাক/ইউবি
