মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, একমাত্র স্থল আক্রমণের মাধ্যমে উত্তর কোরিয়ার পারমাণবিক প্রকল্প সম্পূর্ণভাবে ধ্বংস করা যাবে। সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের পক্ষে রিয়ার এডমিরাল মাইকেল ডুমন্ট মার্কিন কংগ্রেসম্যান টেড লিউকে লেখা চিঠিতে এই মতামত ব্যক্ত করেন।
টেড লিউ উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের বিষয়ে জানতে চাইলে এই চিঠি প্রদান করেন ডুমন্ট।
ডুমন্ট বলেন, এই যুদ্ধে হতাহতের সংখ্যা নির্ধারণ করা অসম্ভব কঠিন। চিঠিতে যুদ্ধের প্রথম কয়েক ঘণ্টায় কি হবে তারও একটা চিত্র তুলে ধরেন তিনি। আর উত্তর কোরিয়ার পারমণবিক প্রকল্প বন্ধে স্থল আক্রমণ শুরু করলে উত্তর কোরিয়া ভূগর্ভে থাকা পারমাণবিক অস্ত্র দিয়ে প্রতি আক্রমণ করার চেষ্টা করতে পারে। চিঠিতে বলা হয়, এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য গোপনীয় বৈঠক হচ্ছে সঠিক জায়গা। উল্লেখ্য, মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ সামরিক বিষয়গুলোতে সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে পরামর্শ দিয়ে থাকেন।
সামরিক বাহিনীর সাবেক সদস্য ডেমোক্রেট কংগ্রেসম্যান টেড লিউ আরো অনেক অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যর সঙ্গে দেয়া যৌথ বিবৃতিতে বলেন, সেনাবাহিনীর এই মূল্যায়ন খুবই ভয়াবহ। আর এই সংঘাত শুরু হলে মাত্র কয়েকদিনে হাজারো এমনকি লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে। উত্তর কোরিয়ার বিষয়ে কোনো ভালো সামরিক সমাধান নেই। কিন্তু এশিয়া সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরের মতই বলে এসেছেন, উ. কোরিয়া উত্তেজনা সৃষ্টির চেষ্টা করলে তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করা ভিন্ন কোনো উপায় থাকবে না যুক্তরাষ্ট্রের।
রিয়ার এডমিরাল ডুমন্টও তার চিঠিতে ইঙ্গিত দিয়েছেন, তার কার্যালয় সামরিক সমাধানের চেয়ে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টির পক্ষে। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
