কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানকে নির্দেশ হাইকোর্টের

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:৫১

ইত্তেফাক রিপোর্ট

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর এস সার্ভে অনুযায়ী দ্রুত ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও এর চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে আদালতের আদেশ বাস্তবায়ন করে আগামী একমাসের মধ্যে এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এক সম্পূরক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।

আদেশ প্রদানের পূর্বে রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদের উদ্দেশ্যে আদালত বলেন, উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে কেন? তখন মনজিল মোরসেদ বলেন, কর্ণফুলী নদীর একটি অংশ বন্দর এলাকার মধ্যে পড়েছে। ইচ্ছা থাকা সত্ত্বেও জেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করতে সমস্যার সম্মুখীন হচ্ছে। এ কারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে বন্দর চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া দরকার। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়।