শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীদের সাথে সিএনজি চালিত অটোরিকশা চালকদের সংঘর্ষ হয়েছে। এতে সহকারী হল প্রভোস্ট, শিক্ষার্থী, পুলিশসহ অন্তত ১০জন আহত হয়েছেন। ছিনতাইয়ের প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ১০টায় সাধারণ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করলে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
আহতরা হলেন-সহকারী প্রভোস্ট আশিষ কুমার বণিক, শিক্ষার্থী আল আমিন, তৌহিদ আলম এবং পুলিশ কনস্টেবল সোহেল রানাসহ ১০জন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছিনতাইয়ের প্রতিবাদে সকাল সাড়ে ১০টায় সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন রাস্তা অবরোধ করে। ফলে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার পর্যন্ত গাড়ি আটকা পড়ে।
এক পর্যায়ে বেলা ১১টার দিকে সিএনজি চালকরা শিক্ষার্থীদের উপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে।
IMG0
প্রক্টর জহির উদ্দিন আহমেদ বলেন, ‘হামলায় সহকারী হল প্রভোস্টসহ বেশ কয়েকজন আহত হন। শিক্ষার্থী, পুলিশ ও পরিবহন মালিকদের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের গেইটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ছিনতাইকারীদের ধরার জন্য প্রশাসন থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/আরকেজি
