মহাসড়কের পাশে বাস করা শিশুর অগ্রগতি দেরিতে হয়

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২৩:০৪

অনেকেই মনে করেন বড়ো শহরে বাস করা শিশুরা বেশি চটপটে এবং বুদ্ধিমান স্বভাবের হয়ে থাকে। কিন্তু এক গবেষণায় বলা হয়েছে, মহাসড়কের পাশে কিংবা বড়ো শহরে বাস করা শিশুদের যোগাযোগ দক্ষতা এবং মানসিক বিকাশ গ্রামের দিকে বাস করা শিশুদের থেকে কম হয়। এর কারণ হিসেবে গবেষকরা বলেছেন, মহাসড়ক কিংবা বড়ো শহরে উচ্চ বায়ু দূষণের ঝুঁকি থাকে। সোমবার এনভায়রনমেন্ট রিসার্স জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফলাফল।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার জনস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক   স্যান্ডি হা বলেন, এসব শহরে বায়ু দূষণের ঝুঁকি বেশি থাকায় শিশুর শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক বিকাশ বিলম্বিত হয়। গবেষণায় বলা হয়েছে, জন্ম থেকে যারা এই ধরনের পরিবেশে বড়ো হয় তাদের বুদ্ধিমত্তার প্রশ্ন (আইকিউ) এবং দৃষ্টিশক্তি শহর থেকে দূরে বাস করা শিশুদের তুলনায় কম হয়। উত্তর আমেরিকার বেশিরভাগ শহরে রাস্তা থেকে ৩০০ মিটারের মধ্যে অবস্থিত বাড়িতে বসবাস করে। গুরুত্বপূর্ণ বড়ো রাস্তা থেকে ৩০০ মিটারের মধ্যে বাস করা শিশুদের চেয়ে ৬০০ মিটারের মধ্যে বসবাস করা শিশুদের ক্ষেত্রে তুলনামূলকভাবে ভালো ফলাফল মিলেছে। মূলত বায়ু দূষণের কারণে জন্মগতভাবেই নানাবিধ সমস্যা নিয়ে জন্মায় অনেক শিশু। জন্মের পরও এই ধরনের দূষিত পরিবেশে দীর্ঘদিন থাকার কারণে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। তবে এ সংক্রান্ত আরো বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে বলে গবেষণায় বলা হয়েছে। -সিএনএন