মাদকাসক্ত স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ২০:৩৭
 
সাতক্ষীরার শ্যামনগরে মাদকাসক্ত স্বামীর অত্যাচার সইতে না পেরে তাকে পুলিশে সোপর্দ করলেন স্ত্রী। সোমবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের চণ্ডীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক মাদকাসক্ত স্বামীর নাম ফিরোজ গাজী। তিনি ওই গ্রামের মৃত নজির গাজীর ছেলে।
 
পুলিশ জানায়, স্ত্রীর কাছে মাদক সেবনের টাকা চেয়ে না পাওয়ায় তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন ফিরোজ। স্ত্রীর চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার এবং ফিরোজকে পুলিশে সোপর্দ করে। 
 
শ্যামনগর থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম জানান, ফিরোজকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান তাকে দোষী সাব্যস্ত করে ১মাসের সশ্রম কারাদণ্ড দেন। 
 
 
ইত্তেফাক/আরকেজি