চবিতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ২১:৩৩
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ গ্রুপের এক কর্মী। সোমবার বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের লেডিস  হলের সামনে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ মহসিন চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সম্পাদক ও  আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী। 
 
এছাড়া বগিভিত্তিক সংগঠন বাংলার মুখের নেতা ও নগর মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।  
 
জানা যায়, সোমবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের লেডিস  হলের সামনে মহসিন ও নাসির উদ্দিন মিশুর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগ কর্মী মিশু ধারালো অস্ত্র দিয়ে মহসিনের মাথায় আঘাত করে। পরে আহত অবস্থায় তাকে চবি মেডিকেল সেন্টারে পাঠানো হয়। নাসির স আই ই আর ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ও  চবি ছাত্রলীগ স্থগিত কমিটির সাধারণ সম্পাদক এইচএম ফজলে রাব্বী সুজন ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। তবে সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্তি পান মিশু। মুক্তি পেয়েই তিনি সোমবার ক্যাম্পাসে আসে বলে জানা যায়।
 
ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি মো. মামুন বলেন, সুজনের উপস্থিতিতে ও নির্দেশে তার কর্মী মিশু পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মহসিনের ওপর এ হামলা করে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
 
তবে অভিযোগের বিষয় অস্বীকার করে স্থগিত কমিটির সাধারণ সম্পাদক এইচএম ফজলে রাব্বী সুজন বলেন, মিশুর বান্ধবীকে উত্ত্যক্ত করে মহসিন। এ নিয়ে তাদের মধ্যে মারামারি হলে এতে মহসিন আহত হয়। 
 
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, মেয়ে গঠিত একটি বিষয় নিয়ে একটি ঘটনা শুনেছি। পরে আমরা তাকে প্রাথমিক চিকিৎসার জন্য চবি মেডিকেল সেন্টারে পাঠিয়েছি।  তবে এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/আরকেজি