চট্টগ্রামে বিএনপির ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ২১:৪৮
 
বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আয়োাজিত সমাবেশে হামলার ঘটনায় মিরসরাই বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যানসহ ১২জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হামলায় আহত চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য লায়ন দেলোয়ার হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন।
 
মামলার আসামিরা হলেন- মিরসরাই উপজেলার বহিষ্কৃত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যান, জেলা যুবদলের সভাপতি কাজী সালাহ্ উদ্দিন, দিদারুল আলম মিয়াজী, শাহীনুর কবির, মো. মমিন, মো. রানা, মোহন দে, মো. রফিক, ইফতেখার হোসেন প্রকাশ জিপশন, মো. রিয়াদ, মো. টিটু, জামসেদ আলম এবং অজ্ঞাতনামা ৯/১০জন। 
 
শনিবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও চাকসু ভিপি মো.নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
 
মামলায় অভিযোগ করা হয়, সমাবেশ চলাবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি লায়ন মনিরুল ইসলাম ইউসুফের নেতৃত্বে মিরসরাইয়ের বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করে সমাবেশ স্থলে প্রবেশ করেন। নাসিমন ভবনের সামনে মাঠে প্রবেশের সময় নুরুল আমিন চেয়ারম্যান সমর্থিত কিছু নেতাকর্মী সমাবেশে প্রবেশে বাঁধা দিলে বাকবিতণ্ডা শুরু হয়। এনিয়ে দুপক্ষের মধ্যে সংর্ঘষ বেঁধে যায়। এতে অন্তত ১২জন নেতাকর্মী আহত হন। এসময় মনিরুল ইসলামের মাথায় চেয়ার দিয়ে আঘাত করা হয়। পরে মঞ্চে উপস্থিত শীর্ষ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে ইউসুফসহ কমপক্ষে ১০/১২জন আহত হয়। 
 
আহতরা হলেন- মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি লায়ন মনিরুল ইসলাম ইউসুফ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য লায়ন দেলোয়ার হোসেন, উপজেলা যুবদল নেতা হারুন অর রশিদ, জাহাঙ্গীর আলম, জাবেদ প্রমুখ।
 
মনিরুল ইসলাম ইউসুফ অভিযোগ করেন, মিরসরাই উপজেলা পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান নুরুল আমিনের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। হামলার ঘটনা সম্পর্কে তিনি চিঠি দিয়ে কেন্দ্রীয় নেতাদের জানিয়েছেন।
 
ইত্তেফাক/আরকেজি