মধ্য পুটিয়াখালির বড় খালের ব্রিজটি ভাঙা, চলাচলে দুর্ভোগ

আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ০১:৫৪

রাজাপুরের মধ্য পুটিয়াখালি গ্রামের বড় খালের ব্রিজটি ভাঙা ও জরাজীর্ণ হয়ে পড়েছে। ফলে ব্রিজ দিয়ে চলাচলকারীদের দুর্ভোগ চরমে উঠেছে। ব্রিজের উত্তর পাড়ে আছে পাকা রাস্তা ও হাজেরা আহম্মদিয়া দাখিল মাদ্রাসা। ব্রিজটির দক্ষিণ পাড়ে রয়েছে রাস্তাবিহীন খালের পাড়ের মাটির মেঠোপথ। ওই এলাকার বাসিন্দা ও তাদের ছেলে-মেয়েদের লেখাপড়া, হাট-বাজারসহ সকল কর্মকাণ্ডে যাওয়ার জন্য ওই ব্রিজটি পার হওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ নেই বলে জানান এলাকাবাসী।

দীর্ঘদিন ধরে ব্রিজের এ বেহাল অবস্থা দেখার কেউ নেই। ওই গ্রামের পিয়ারা বেগম জানান, প্রতিদিন খুব সকালে তার দুই সন্তানসহ একাধিক ছেলে-মেয়ে ঝুঁকি নিয়ে ওই ব্রিজ পার হয়ে হাজেরা আহম্মদিয়া দাখিল মাদ্রাসায় কোরআন শিখতে যায় এবং বৃষ্টির দিনে এ সমস্যা চরম আকার ধারণ করে। কয়েকদিন আগে বৃষ্টির সময় ইউসুফের ছেলে ইয়াছিন(৯) ওই ব্রিজ পার হওয়ার সময় পড়ে গিয়ে তার ডান পা থেঁতলে যায়। বর্তমানে ব্রিজটির পাটা ভেঙে বিচ্ছিন্নভাবে ঝুলন্ত অবস্থায় থাকায় নিচ থেকে এলাকাবাসী কাঠ দিয়ে ঠেক দিয়ে কোনোমতে রেখেছেন।

স্থানীয় গালুয়া ইউপি সদস্য মাসুদ হাসান তালুকদার ওরফে দুলাল তালুকদার জানান, প্রায় ১৬ বছর আগে আনুমানিক দেড় লাখ টাকা ব্যয়ে এ আয়রন পাটা ব্রিজটি নির্মাণ করা হয়। গত ১০ বছর ধরে এরকম ভাঙা ব্রিজ দিয়ে এলাকার তিন শতাধিক পরিবারের শিক্ষার্থী, শিশু, নারী ও বৃদ্ধসহ কয়েক হাজার লোক ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। মাসুদ হাসান তালুকদার আরও জানান, স্থানীয় এমপি বিএইচ হারুনের ভাই গালুয়া ইউপি চেয়ারম্যান মুজিবুল হক কামালকে একাধিকবার জানালেও কোনো ফল পাননি। উপজেলা এলজিইডি প্রকৌশলী লুত্ফর রহমান জানান, খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/নূহু