বিড়ি শিল্প রক্ষায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি। মঙ্গলবার কুষ্টিয়ার দৌলতপুরের হোসেনাবাদ কিন্ডারগার্টেন স্কুল মাঠে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন কুষ্টিয়া অঞ্চল আয়োজিত এক সমাবেশে তিনি এই ঘোষণা দেন।
আমিন উদ্দিন বলেন, আমরা চাই বিড়ির ওপর ট্যাক্স কমিয়ে শ্রমিকদের মজুরী বাড়ানো হোক। কেননা এই শিল্পের সাথে লাখ লাখ শ্রমিক জড়িত। ধূমপান যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে থাকে তাহলে সিগারেট অন্যতম। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিগারেটের ওপর ট্যাক্স না বাড়িয়ে বিড়ির ওপর ট্যাক্স বাড়িয়ে এই শিল্পকে ধ্বংসের পায়তারা করছে। তাদের এই আঁতাতের সাথে যুক্ত হয়েছ ব্রিটিশ আমেরিকান টোবাকো (বিএটিবি)। কিন্তু তাদের এই ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না প্রয়োজনে আমরা ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করব।
IMG0
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, সরকার বিড়ির ওপর ট্যাক্স বাড়ায় কিন্তু বিড়ি শ্রমিকদের মজুরী বাড়ে না। তার একমাত্র কারণ বিড়ির ওপর অতিরিক্ত কর বৃদ্ধি। বিড়ির ওপর কর কমাতে হবে শ্রমিকদের মজুরী বাড়াতে হবে। এছাড়া বিকল্প কাজের ব্যবস্থা ছাড়া বিড়ি শিল্প বন্ধ নয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক হারিক হোসেন, সদস্য শামীম ইসলাম,কুষ্টিয়ার নেতা হায়দার আলী, আবুল কালাম আজাদ প্রমুখ।
ইত্তেফাক/সাব্বির
