সিভিল সার্জনের তত্ত্বাবধানে রামেকে স্বর্ণালী

আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ২০:০৫
 
বিরল রোগে আক্রান্ত স্বর্ণালীকে মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মুক্তামণির মতো বিরল রোগে আক্রান্ত রাজশাহীর পবা উপজেলার টেকাটাপাড়া গ্রামের শিশু স্বর্ণালী। সে রাজশাহী সিভিল সার্জনের তত্ত্বাবধানে রয়েছে। 
 
এরআগে তার বাবা আবদুল মান্নান ও মা রুমা বেগম স্বর্ণালীকে রাজশাহী জেলা সিভিল সার্জনের কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে সিভিল সার্জন ডা. সঞ্জিত কুমার সাহা ছাড়াও বেশ কয়েকজন চিকিৎসক প্রাথমিকভাবে স্বর্ণালীর হাতের রোগ নির্ণয়ের চেষ্টা করেন। রোগ সর্ম্পকে তার বাবা-মায়ের কাছ থেকেও সব খোঁজ খবর নেয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়া হয়। 
 
রাজশাহী সিভিল সার্জন ডা. সঞ্জিত কুমার সাহা জানান, স্বর্ণালীর হাতের সব ধরনের চিকিৎসার উদ্যোগ নেয়া হয়েছে। মঙ্গলবার তাকে রাজশাহীতে নিয়ে এসে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে দেখছেন। তাদের পরামর্শক্রমে যদি সম্ভব হয় তাহলে এখানেই তার চিকিৎসা চলবে। যদি আরো উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে ঢাকায় পাঠানো হবে। 
 
ইত্তেফাক/আরকেজি