কাউখালীতে রাস উৎসবে পুণ্যার্থীদের ঢল

আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ২১:৩৫
 
হাজার হাজার ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীর ভিড়ে মুখরিত হয়ে উঠেছে পিরোজপুর জেলার কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গণ। বুধবার পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু উৎসবে অংশগ্রহণ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। 
 
সনাতন ধর্মাবলম্বীদের রাস পূর্ণিমায় ধর্মগুরু শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১২৬তম আবির্ভাবকে ঘিরে রাতভর আশ্রম প্রাঙ্গণে তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন আর ধর্মীয় সঙ্গীতের ধ্বনিতে অন্যরকম এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। রবিবার থেকে ৫দিন ব্যাপী বাৎসরিক এ উৎসব শুরু হয়। 
 
আশ্রমের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত জানান, ১২৬তম আবির্ভাব উৎসবের চতুর্থ দিনে বুধবার দুপুরে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু শুভ আবির্ভাব উৎসবে অংশগ্রহণ এবং শ্রীগুরু সংঘ ভক্তকুলের সাথে মতবিনিময় করবেন।
 
বৃহস্পতিবার সমাপনী দিনের মহোৎসবে কুঞ্জভঙ্গ, নগরকীর্ত্তন ও পরিক্রমা এবং গুরুপুজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে।
 
ইত্তেফাক/আরকেজি