কুবি শিক্ষক সমিতি এবং ভিসিপন্থীদের পাল্টাপাল্টি মানববন্ধন

আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ২২:৪৮
 
ভিসির বিরুদ্ধে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ, আত্মীয়করণ, শিক্ষক লাঞ্ছনাসহ নানা অভিযোগে তার অপসারণ ও বিচার দাবিতে এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি। এদিকে মানববন্ধন করেছে ভিসিপন্থী শিক্ষকরাও। মঙ্গলবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকদের দুইপক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে মানববন্ধন করে। 
 
শিক্ষক সমিতির নেতারা মানববন্ধনে বলেন, ‘নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় ভিসি এবং তার সহযোগী শিক্ষকদের নিয়োগ বাণিজ্য বন্ধ হয়ে গেছে। এজন্য তারা ক্ষিপ্ত হয়ে নানা ধরনের ভিত্তিহীন অভিযোগ করছেন। ভিসি তার অনুসারী শিক্ষকদের দিয়ে পরিকল্পিতভাবে ভর্তি পরীক্ষা স্থগিত করার মতো পরিস্থিতি সৃষ্টি করেছেন। ভর্তি পরীক্ষা স্থগিত করার উদ্দেশ্যে টেকনিক্যাল কমিটির সমন্বয়ক ভিসিপন্থী শিক্ষক দুলাল চক্রবর্ত্তী ভর্তি পরীক্ষার মাত্র তিনদিন আগে ওএমআর শিট আনার জন্য তারিখ নির্ধারণ করেছেন। এই অল্প সময়ের মধ্যে ওএমআর শিট যাচাইবাচাই সম্ভব নয় বলে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ভিসির নির্দেশেই দুলাল চক্রবর্ত্তী ধীর গতিতে ওএমআর শিট আনার কাজ করেছেন বলে শিক্ষক নেতারা অভিযোগ করেন।
 
মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসানের উপস্থাপনায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আবু তাহের, সহ-সভাপতি এনএম রবিউল আউয়াল চৌধুরী, শামীমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আসাদুজ্জামান প্রমুখ। 
   
এদিকে ভিসিপন্থি শিক্ষকদের পাল্টা এক মানববন্ধনে দাবি করা হয়, শিক্ষক সমিতির অসহযোগিতায় ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
 
ভিসি অধ্যাপক ড. মো. আলী আশরাফ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন অনিবার্য কারণে ভর্তি পরীক্ষা স্থগিত করেছে।’
 
উল্লেখ্য, আলী আশরাফের বিরুদ্ধে নানা অভিযোগে গত ১৬ অক্টোবর থেকে ভিসির কার্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলন করে আসছে শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদ। 
 
ইত্তেফাক/আরকেজি