কক্সবাজারে এক পাচারকারীর পাকস্থলী থেকে বিশেষ প্রক্রিয়ায় বের করা হয়েছে প্রায় ৬লাখ টাকার ২ হাজার ইয়াবা। মঙ্গলবার বিকেলে কক্সবাজার জেলা সদর হাসপাতালের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এসব ইয়াবা বের করে আনে। এ ঘটনায় ঐ ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে।
পাচারকারীর নাম মো. লোকমান হোসেন (৬২)। তাকে সোমবার শহরের কলাতলী লংবিচ হোটেলের সামনের সৌদিয়া কাউন্টার এলাকা থেকে জেলা মাদকদ্রব্য অধিদফতরের একটি টিম আটক করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মো. লোকমান হোসেন বরিশাল বাবুগঞ্জ এলাকার আবদুর রশিদ খানের ছেলে। তার বর্তমান ঠিকানা টেকনাফ লেঙ্গুরবিলের করাচিপাড়া গ্রাম। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
