মুকসুদপুর উপজেলার পশারগাতি গ্রামে মধ্যপাড়ায় ধানি জমি কেটে বালু উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এলাকার প্রভাবশালী একটি চক্র। এ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রকার প্রতিকার পাচ্ছে না ক্ষতিগ্রস্ত কৃষকরা।
জানা যায়, পশারগাতি গ্রামে মধ্যপাড়ায় এক ইউপি সদস্যের ভাই নিজস্ব ৬২ শতক জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন জনের কাছে বিক্রি করে আসছিল। এক পর্যায়ে পার্শ্ববর্তী ধানি জমি ধসে পড়তে শুরু করলে কৃষকরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এতে ক্ষতিগ্রস্ত কৃষক আকবার শেখ, আলতাব খান, মোকছেদ মোল্লা, হাাফিজুর রহমান বাধা প্রদান করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে উঠে এবং কৃষকদের জমির টাকা অথবা জমির বদলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। উপায়ন্তর না দেখে কৃষকরা ধানি জমি হারানোর শঙ্কায় প্রভাবশালী ভূমিদস্যুদের বালু কাটা বন্ধের জন্য জেলা প্রশাসক গোপালগঞ্জ বরাবর আবেদন করে। কিন্তু এ পর্যন্ত প্রতিকার না পেয়ে জমি হারানোর ভয়ে শঙ্কিত হয়ে পড়েছে ভুক্তভোগী কৃষকরা।
কৃষক মোকছেদ মোল্লা জানান, আমার ১৬ শতাংশ জমি ভেঙে গেছে। এ ব্যাপারে বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো ফল পাইনি।
মুকসুদপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আক্তারুজ্জামান শাহিন জানান, আমার কাছে এ ধরনের কোনো নির্দেশনা/ অভিযোগ আসেনি। আসলে অবশ্যই ব্যবস্থা নেব।
ইত্তেফাক/নূহু
