মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চার নারীসহ অন্তত ২৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২১ জনকে মাগুরার ২৫০ শয্যার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, স্থানীয় গ্রাম্য মাতব্বর জামাল মেম্বর ও শওকত শরীফের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে জামাল মেম্বর এর সমর্থক রজব আলী নামে এক ব্যক্তির সাথে তোয়াক্কেল নামে শওকত গ্রুপের এক ব্যক্তির পাওনা টাকা চাওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। যা নিয়ে মঙ্গলবার রাতে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ বিরোধের জের ধরে আজ বুধবার সকালে শওকত শরীফের দলের কয়েকশ' লোকজন রামদা, ছ্যানদা, লাঠি ও অন্যান্য গ্রামীণ অস্ত্র নিয়ে আমুড়িয়া দক্ষিণ পাড়ার জামাল মেম্বরের লোকজনের বাড়িতে হামলা চালায় বলে আহতরা অভিযোগ করেন।
হামলায় আহতদের মধ্যে আশরাফ শেখ (৬৫), মানাই শেখ (৪৫), তোয়াক্কেল (৪০), বদর মোল্যা (৩৫), আক্কাস (৪০), রাহাউদ্দিন (৪০), হারুন (৬০), হুমায়ুন (২৬), মিথুন (২৫), জাহাঙ্গীর (৩৫), আনহা বেগম (৫০), সায়েরা (৩৫), ইকলাম (৫৫), আশালতা (৩৫), নাইমা(৩৫), ইব্রাহিম (৫০), মহায়মিন (৪০), নুর ইসলাম (৫০), শহর আলী (১৮), আফাজ (৪৬) ও আবু জাফরকে (৬৫) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, ঘটনা জানার সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে।
ইত্তেফাক/জামান
