রাস পূর্ণিমায় শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এর ১২৭তম আবির্ভাবকে ঘিরে পিরোজপুর জেলার কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পাঁচ দিনব্যাপী বার্ষিক উত্সব গতকাল শনিবার শুরু হয়েছে।
প্রতিবছর রাস পূর্ণিমায় এ উত্সব অনুষ্ঠিত হয়। সকালে হাজার হাজার ভক্তবৃন্দের অংশগ্রহণে সংঘ পতাকা উত্তোলন শেষে প্রায় দেড় কিলোমিটারব্যাপী এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আশ্রম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাউখালী বন্দর প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন আশ্রমের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী, সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, আশ্রমের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বিপুল কৃষ্ণ ঘোষ ও শোভাযাত্রা উপকমিটির আহ্বায়ক মানিক লাল কর প্রমুখ।
উত্সবের প্রচার, তথ্য ও অনুসন্ধান উপকমিটির যুগ্ম আহ্বায়ক সুব্রত রায় জানান, বিশ্ব চরাচরের দুঃখ বিমোচন, অধর্মের গ্লানি থেকে রক্ষা ও ধর্ম সংস্থাপনার্থে বিশ্ব শান্তি কামনায় পাঁচ দিনব্যাপী এ উত্সবে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্মণ মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হবে। এতে সারা দেশের ভক্তবৃন্দসহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় লক্ষাদিক ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটবে। পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ও শ্রীলঙ্কা থেকেও ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে সমবেত হবেন। এ আশ্রমের সেবামূলক অনেক কার্যক্রম রয়েছে। এর মধ্যে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা, দাতব্য চিকিত্সালয়ের মাধ্যমে বিনামূল্যে চিকিত্সা সেবাদান, বিশেষজ্ঞ চিকিত্সক দ্বারা বিনামূল্যে বিশেষ চক্ষু চিকিত্সা শিবির পরিচালনা, সুরেন্দ্রনাথ দে স্মৃতি পাঠাগার পরিচালনা ও দৈনিক দরিদ্র নারায়ণ সেবা অন্যতম।
এ ছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গল আরতি, শ্রীমদ্ভাগবদ গীতা ও গুরুগীতা পাঠ, বস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, সরকারি হাসপাতালে দুস্থ রোগীদের মধ্যে ফল বিতরণ, সান্ধ্যকালীন প্রার্থনা, ধর্ম সভা ও গীতি আলেখ্য ইত্যাদি। ২৮ নভেম্বর সমাপনী দিনে গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ উত্সবের সমাপ্তি ঘটবে।
পাইকগাছায় রাস উত্সব পালিত
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, পাইকগাছায় পূজা অর্চনা, পুণ্যস্নান, প্রসাদ বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন স্থানে রাস উত্সব উদযাপিত হয়েছে। পৌরসভার ছয়টি মন্দিরের উদ্যোগে শুক্রবার সকালে শিববাটীতে রাস মেলা উদযাপন কমিটির সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌরসভা সভাপতি সন্তোষ কুমার সরদারের সভাপতিত্বে রাস উত্সব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট অজিত কুমার মণ্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, আসমা আহম্মেদ, কাউন্সিলর এসএম তৈয়বুর রহমান, ঐক্য পরিষদের উপজেলা সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির কমিটির সভাপতি দেবব্রত রায় দেবু।
রাস মেলা উদযাপন কমিটির সম্পাদক হিরেন্দ্র নাথ সানার পরিচালনায় বক্তব্য রাখেন জগদীশ রায়, মৃনাল কান্তি সানা, সুজন কুমার সানা, বিভুতি সানা, প্রশান্ত কুমার মণ্ডল, উদয় কুমার সানা, জয়ন্ত কুমার মন্ডল, সমর মণ্ডল, অমর মণ্ডল, বিরাজ মণ্ডল, দিপক সরদার, দুলাল শীল, দিপংকর মণ্ডল, রঞ্জন মণ্ডল, উত্তম সানা, সুকৃতি সরদার, বিকাশ সরদার, লিটন সানা, সুভাষ মণ্ডল, বিপ্লব সানা, মিঠুন সানাসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সম্পাদকবৃন্দ। অনুষ্ঠানে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর রাস উত্সব উদযাপনের অবকাঠামো উন্নয়নে দেড় লাখ টাকার অনুদান ঘোষণা করেন। এর আগে রাসমেলা উপলক্ষে শিববাটি সার্বজনীন পূজা মন্দির ও শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে ৮ম প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপরদিকে উপজেলার লতার কাঠামারীসহ বিভিন্ন ইউনিয়নে অনুরূপ অনুষ্ঠান পালিত হয়েছে।
