বগুড়ায় পাটের গুদামে আগুন

আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১৬:৪৬
 
বগুড়ায় একটি পাটের গুদামে আগুনে পুড়ে প্রায় ১১ হাজার মণ পাট পুড়ে গেছে। সদর উপজেলার মানিকচক বাজারে অবস্থিত খন্দকার জুট মিলের ঐ গুদামটিতে আগুনের ফলে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মালিক মো. শাহাদৎ হোসেন সাজু। 
 
বুধবার সকাল ৯টার দিকে পাটের গুদামটিতে আগুনের সূত্রপাত হয়। পরে দমকল বাহিনীর ৪টি ২ ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
আগুন নিয়ন্ত্রণে আসার আগেই গুদামে রক্ষিত সব পাট পুড়ে যায় দাবি করে খন্দকার জুট মিলের মালিক মো. শাহাদৎ হোসেন সাজু  জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পাশাপাশি স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে আসতে অনেক দেরি হয়। এতে গুদামে রক্ষিত প্রায় ১১ হাজার মণ পাট আগুনে পুড়ে গেছে। এতে ৩ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
 
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিজাম উদ্দিন বলেন, আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই বগুড়া সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও গাবতলী উপজেলার একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 
 
তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক হিসেব এখনই বলা সম্ভব নয়। 
 
ইত্তেফাক/কেকে