প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০০:২৬

গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যানে প্রকৌশলী আব্দুল কাইয়ুম (৩২) হত্যার মামলার প্রধান আসামি মো. আঞ্জুমান ওরফে আঞ্জুকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-১। সোমবার রাতে কালিয়াকৈর থানার চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাকে গেফতার করা হয়।  র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন মঙ্গলবার তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত ৯ মার্চ সন্ধ্যায় গাজীপুর মহানগরীর সদর থানাধীন ন্যাশনাল পার্ক এলাকায় প্রকৌশলী আব্দুল কাইয়ুমকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে লাশের মুখে এসিড মেরে মুখ পুড়িয়ে দেওয়া হয়। ১৩ মার্চ সদর থানার পুলিশ তার অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করে। চাঞ্চল্যকর এ  ঘটনার ছায়া তদন্ত শুরু করে। পরে সোমবার কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে আঞ্জুকে গ্রেফতার করা হয়।

র্যাবের ওই কর্মকর্তা আরো জানান, ছোট বেলা থেকে কিশোর কাল্পনিক চরিত্র মাসুদ রানা পড়ে ঢাকার বসুন্ধরার নিবাসী কোটিপতি জালাল উদ্দিনের একমাত্র পুত্র ভিকটিম প্রকৌশলী আ. কাইয়ুমের মনেও স্বপ্ন জাগে বড় হয়ে মাসুদ রানা হবে। এর ফলশ্রুতিতে তার আত্মীয়-স্বজন তাকে মাসুদ রানা নামেই ডাকতো। মাসুদ রানার এই স্বপ্নের কথা জানতে পারে তার টাঙ্গাইলের খালা বাড়ির প্রতিবেশী আঞ্জুমান ওরফে আঞ্জু। সে সখ্যতা গড়ে তুলে কাউয়ুমের সঙ্গে। পরে গোয়েন্দা কর্মকর্তার চাকরির প্রলোভন দেখিয়ে আঞ্জু ২০ লাখ টাকার চুক্তি করে কাউয়ুমের সঙ্গে। এক পর্যায়ে ৯ লাখ টাকা নিয়ে মালদ্বীপ পাড়ি দেয় আঞ্জু। এ টাকা যেন পরিশোধ না করতে হয় সেজন্য বিদেশ থেকে ফিরে আঞ্জু কৌশলে পূর্বপরিকল্পিতভাবে কাউয়ুমকে ভাওয়াল জাতীয় উদ্যানে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।