দেশিয় শিল্পের স্বার্থ সংরক্ষণ ও বাংলাদেশ ট্যারিফ কমিশন বাণিজ্য প্রতিবিধান বিষয়ে বুধবার সকালে কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের হলরুমে সেমিনার হয়েছে। দেশের ছোট-বড় সব ধরনের শিল্পের স্বার্থ রক্ষায় ট্যারিফ কমিশনের ভূমিকা ও বাণিজ্য প্রতিবিধান ব্যবস্থা সম্পর্কে সচেতনা সৃষ্টির জন্য দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারে জেলার শিল্পোদ্যোক্তাসহ বিপুল সংখ্যক ব্যবসায়ীরা অংশ গ্রহণ করেন।
জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যারিফ কমিশনের সদস্য যুগ্ম সচিব রাশিদুল হাসান। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ ও বিশিষ্ট শিল্পপতি বিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ মজিবর রহমান।
বক্তব্য রাখেন ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান মিজ রমা দেওয়ান, সহকারী প্রধান ইউসুফ আলী মজুমদার, গবেষণা কর্মকর্তা আব্দুল লতিফ প্রমুখ।
প্রধান অতিথি যুগ্ম সচিব রাশিদুল হাসান বলেন, দেশিয় শিল্পের স্বার্থ সংরক্ষণসহ বিশ্ব বাণিজ্য সংস্থাসহ দ্বিপাক্ষিক, আঞ্চলিক বাণিজ্য চুক্তি, আর্ন্তজাতিক বাণিজ্য ও শুল্কসহ বাণিজ্য সম্পর্কিত সেবা ও অন্যান্য কার্যক্রম বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্যারিফ কমিশন নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া স্থানীয় শিল্পের ন্যায়সঙ্গ স্বার্থ রক্ষায় বিশ্ব বাণিজ্য সংস্থার সংশ্লিষ্ট চুক্তিসমূহের সাথে সঙ্গতি রেখে এন্টি-ড্যাম্পিং, কাউন্টারভেইলিং করারোপ ও সেইফগার্ড মের্জাস গ্রহণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত শিল্পের যথার্থ সুপারিশ প্রণয়ন ও তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
