দেশে বড় জঙ্গি হামলার বিষয়ে অস্ট্রেলিয়ার আশঙ্কার ভিত্তি নেই: আইজিপি

আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ২২:৫৮
 
বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গি হামলার কোন হুমকি বা আশঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। বাংলাদেশে নতুন করে বড় ধরণের জঙ্গি হামলার পরিকল্পনার আশঙ্কার কথা জানিয়ে সম্প্রতি অস্ট্রেলিয়ার নাগরিকদের সে দেশের এক সতর্ক বার্তার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 
 
বুধবার সন্ধ্যায় রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) সদর দফতরের সম্মেলন কক্ষে আরএমপি ও রাজশাহী রেঞ্জ পুলিশের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি। 
 
তিনি বলেন, গত ৩ নভেম্বর অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের (ডিএফএটি) ওয়েবসাইটে বাংলাদেশে নতুন করে জঙ্গি হামলার যে পরিকল্পনার তথ্য দেয়া হয়েছে তার কোনো ভিত্তি নেই। এমন তথ্য প্রচারের পর তাদের ঢাকাস্থ দুতাবাসে আমরা যোগাযোগ করেছি। এ নিয়ে তারাও আমাদের সুনির্দিষ্ট কোন তথ্য দিতে পারেনি। তাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য নেই। ওই দেশের নাগরিকরা নির্বিঘ্নে চলাফেরা করছে। তবে কিসের ভিত্তিতে তারা এ তথ্য দিয়েছে সেটি আমাদের জানা নেই।
 
শিবগঞ্জে যাচ্ছেন আইজিপি: বৃহস্পতিবার জঙ্গি ও মাদকবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদানের উদ্দেশ্যে আইজিপি একেএম শহীদুল হক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যাচ্ছেন। এদিন তিনি নবনির্মিত শিবগঞ্জ থানা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম। কর্মসূচি শেষে দুপুরে আইজিপির ঢাকায় ফেরার কথা রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি