মহেশখালীর বড় মহেশখালীতে সংঘবদ্ধ চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় এক যুবক গ্রুরুতর আহত হয়েছে। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে চোখে আঘাতপ্রাপ্ত হয় ঐ যুবক। বুধবার রাত ৮টায় বড় মহেশখালীর নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম আবুল মনছুর (২৩)। সে স্থানীয় ফকিরাঘোনা গ্রামের মৃত আব্দুল গণির পুত্র।
আহতের পরিবার সূত্রে জানা যায়, বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা গ্রামের চিহ্নিত কিছু সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে আহত আবুল মনছুরসহ তার পরিবারকে মারধর করার চেষ্টা করে আসছিল। উক্ত শত্রুতার জেরে ১১ নভেম্বর বিকাল ৫টার দিকে আবুল মনছুরের ভাই আবদুল খালেককে স্থানীয় ফকিরাঘোনা গুরাপাড়া গ্রামের মৃত ছিদ্দিক আহমদের পুত্র লেডাইয়্যার নেতৃত্বে একদল সন্ত্রাসী মারধর করে। একইদিন লেডাইয়্যা, খুরশিদ আলম, কালামনু সহ ৪/৫জনের সন্ত্রাসীদল রাত ৮টায় নতুনবাজারে আবুল মনছুরকেও মারধর করে গুরুতর আহত করে। এ সময় সন্ত্রাসীরা আবুল মনছুরের ডানচোখে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে।
সন্ত্রাসীরা আবুল মনছুরের থেকে মোবাইল ফোনসহ নগদ টাকা কেড়ে নেয় বলেও জানা গেছে। বাজারে থাকা লোকজন মুমূর্ষ অবস্থায় আবুল মনছুরকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে মনসুর হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে ঘটনার বিষয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে আহতের পরিবার সূত্রে আরো জানা যায়।
ইত্তেফাক/নূহু
