সুপারসহ ২ শিক্ষকের কারাদণ্ড, ৪ পরীক্ষার্থী বহিষ্কার

আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ২৩:১৭
 
জেডিসি পরীক্ষায় ভাণ্ডারিয়া শাহাবুদ্দীন ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে সুপারসহ ২শিক্ষককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে চার ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, বুধবার দাখিল অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে উপজেলার ভিটাবাড়িয়া দারুল মোহম্মদ আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার সুপার ও কেন্দ্র কমিটির সদস্য মাওলানা হারুন অর রশিদ অবৈধ প্রভাব খাটিয়ে নিজের মেয়েকে নকল সরবরাহ করতে গেলে তাকে আটক করা হয়।
 
অপরদিকে ১১ নম্বর কক্ষের পরিদর্শক উপজেলার পৈকখালী মোমেনিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসার সহকারী শিক্ষক (কৃষি) মো. কামরুল ইসলাম পরীক্ষার্থীকে নকল সরবরাহের অভিযোগে তাৎক্ষণিক তাকে কক্ষ থেকে প্রত্যাহার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সুমী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। উপজেলা নির্বাহী অফিসার শিক্ষকেদের কারাদণ্ড ও ৪ পরীক্ষার্থী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।