৭শ’ বছরের পুরাতন দিঘি সংরক্ষণে বেলার নোটিশ

আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ২৩:২৪
 
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) আওতাধীন নগরীর মুজগুন্নী এলাকায় প্রায় ৭শ’ বছরের পুরাতন খানজাহান আলী দিঘি সংরক্ষণে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিবসহ ১০জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রদান করেছে। বুধবার বেলার পক্ষ থেকে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সাঈদ আহমেদ কবীর এ নোটিশ প্রদান করেন। নোটিশে আগামী ৭দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। 
 
নোটিশপ্রাপ্ত অন্যরা হলেন- পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা প্রশাসক, পরিবেশ অধিদফতর খুলনা বিভাগীয় পরিচালক, দিঘি ভরাট কাজের সঙ্গে সম্পৃক্ত খালিশপুর হাউজিং এস্টেটের অধিবাসী মো. জাকির হোসেন মৃধা ও মুজগুন্নী এলাকার শেখ মারুফ হোসেন। 
 
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) খুলনার সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সংশ্লিষ্টদের বরাবর নোটিশটি প্রেরণ করা হয়েছে। নোটিশের মাধ্যমে সংশ্লিষ্টদের গৃহীত পদক্ষেপ আগামী ৭দিনের মধ্যে বেলা বরাবর অবহিত করার অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে ঐতিহ্যবাহী দিঘিটি অপরিবর্তিত রেখে তা সংরক্ষণের দাবি জানানো হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। 
 
ইত্তেফাক/আরকেজি