কুমিল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত

আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ০২:৩৫

কুমিল্লা নগরীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আমিনুর রহমান (৪০) নামের বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা নিহত হয়েছে। বুধবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়েছে।

নিহত আমিনুর রহমান মাগুরা জেলার শালিকা উপজেলার শতখাটা গ্রামের ওমর আলীর ছেলে। তিনি নেলসন বাংলাদেশ কোম্পানির ফিল্ড কর্মকর্তা হিসেবে তথ্য সংগ্রহ করতে সহকর্মীদের সঙ্গে কুমিল্লায় এসেছিলেন।

রাত পৌনে ১টার দিকে আমিনুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন।

পুলিশ জানায়, ঢাকা থেকে নেলসন বাংলাদেশ কোম্পানির পক্ষ থেকে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক তথ্য সংগ্রহ করতে ৫ জনের একটি দল কুমিল্লা আসে। বুধবার নগরীর চর্থা এলাকায় তথ্য সংগ্রহের কাজ শেষে আমিনুর ও তার এক সহকর্মী বিকাল ৩টার দিকে একটি অটোরিকশাযোগে কান্দিরপাড়ে আসছিল। পথে নগরীর চর্থা থেকে ৩/৪জন ছিনতাইকারী তাদের পিছু নেয়।

তারা রাণীর দীঘির পাড় পৌঁছুলে তাদের ছিনতাইকারীরা আক্রমণ করে। ছিনতাইকারীরা প্রথমে টাকা চায়। টাকা না পেয়ে হাত থেকে দুইটি ট্যাব ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীদের সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে আমিনুর রহমানকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা আহত ওই কর্মকর্তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে তাকে কয়েক ব্যাগ রক্ত দেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটায় তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়েছে।  

এ বিষয়ে রাত পৌনে ১টার দিকে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে গিয়ে আহত ওই ব্যক্তির চিকিৎসার জন্য রক্ত সংগ্রহসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরও অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তাকে বাঁচানো যায়নি।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ছিনতাইকারীদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান শুরু করেছে।

ইত্তেফাক/নূহু