বুড়িভদ্রা নদীর স্রোতে কাঁঠালতলা বাজার বিলীনের হুমকিতে

আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ০২:৫১

ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজার বুড়িভদ্রা নদীর প্রবল স্রোতের টানে বিলীনের হুমকিতে রয়েছে।

দীর্ঘদিন এ ভাঙন অব্যাহত থাকায় বাজারের প্রায় ১০/১৫টি কাঁচা-পাকা দোকান ঘর, মসজিদের ওযুখানা, শৌচাগার, বসতবাড়ি নদীগর্ভে নিশ্চিহ্ন হয়ে গেছে। নদীটি যশোরের কেশবপুর ও খুলনার ডুমুরিয়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত। পানি উন্নয়ন বোর্ডের যশোর অঞ্চলের ২৪নং পোল্ডারভুক্ত।

কাঁঠালতলা বাজার ডুমুরিয়া উপজেলার। এলাকাটি যশোর অঞ্চলের আওয়াভুক্ত পোল্ডার হওয়ায় পানি উন্নয়ন বোর্ড নদীর তীরবর্তী এই এলাকায় কখনও বন্যা নিয়ন্ত্রণ বেড়ি বাঁধ নির্মাণ করা হয়নি। ফলে শুধুমাত্র শীত মৌসুম ছাড়া বছরের প্রায় অধিকাংশ সময় নদীর জোয়ারের প্রবল স্রোতের তোড়ে ভাঙন লেগেই থাকে।

বাজার কমিটির সভাপতি শেখ আব্দুল আজিজ, সম্পাদক শেখ হাসানুর রহমান, ডা. অসীম মল্লিক, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মালীসহ এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, বাজার সংলগ্ন মাধ্যমিক ও  প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও মন্দিরসহ আরো নতুন নতুন ব্যবসায়ী প্রতিষ্ঠান যে কোনো মুহূর্তে নদীগর্ভে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যালয় চলাকালে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কের মধ্যে থাকেন। প্রতিবছর ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদের আর্থিক সহায়তায় নদীর তীরবর্তী বেড়িবাঁধটি নির্মাণ করা হয়। চলতি বছর বর্ষা মৌসুমে হঠাত্ করে মন্দির সংলগ্ন বাঁধ ভেঙে জোয়ারের পানিতে এলাকা প্লাবিত হয়ে চিংড়ি ঘের, বসতবাড়ি ও ফসলের ক্ষেত ভেসে যায়। ফলে অনেক কৃষক ও ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। কাঁঠালতলা বাজার থেকে গোবিন্দকাটি গ্রাম পর্যন্ত প্রায় দুই কি.মি রাস্তা সবসময় মারাত্মকভাবে ভাঙন ঝুঁকিতে থাকে।

উপজেলা চেয়ারম্যান খান আলী মুনছুর বলেন, কাঁঠালতলা বাজার সংলগ্ন ভাঙন এলাকাটি এ বছরই সংস্কারসহ নির্মাণ করা হবে।

ইত্তেফাক/নূহু