বানারীপাড়ায় ব্রিজ মরণ ফাঁদে পরিণত

আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ০৩:০৬

বানারীপাড়ায় একটি ব্রিজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। ফলে কোমলমতি শিক্ষার্থীদের প্রতিনিয়ত মৃত্যু ঝুঁকি নিয়ে এ ব্রিজ পার হয়ে শিক্ষা গ্রহণ করতে স্কুলে যেতে হচ্ছে। উপজেলার সদর ইউনিয়নের গাভা ৭ নং ওয়ার্ডে মরণ ফাঁদে পরিণত হওয়া ব্রিজটি দিয়ে প্রতিদিন ঐতিহ্যবাহী গাভা মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের জন্য শত শত শিক্ষার্থীরা যাতায়াত করে থাকে।

 

ব্রিজটির সিংহভাগ কাঠের পাটাতন উঠে যাওয়ায় সেটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। বিকল্প পথ না থাকায় দীর্ঘদিন ধরে মৃত্যু ঝুঁকি নিয়ে  শিক্ষার্থীদের ওই ব্রিজ দিয়েই বিদ্যালয়ে আসা যাওয়া করতে হচ্ছে। ব্রিজ দিয়ে পানিতে পড়ে গিয়ে শিক্ষার্থীরা প্রায়ই আহত হচ্ছে। সাঁতার না জানা শিক্ষার্থীরা পানিতে পড়লে তাদের প্রাণহানির আশঙ্কা রয়েছে।

 

স্থানীয়রা জানান, ব্রিজটি সংস্কার কিংবা পুর্ননির্মাণের জন্য অনেকবার আবেদন করলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। মৃত্যু ফােঁদর ওই ব্রিজ দিয়ে বড়রা কোনভাবে চলাচল করতে পারলেও কোমলমতি শিক্ষার্থীসহ জরুরি রোগীদের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বৃদ্ধ ও গর্ভবতী নারীদের ভোগান্তির অন্ত নেই। অভিভাবকরা জানান, সন্তানদের মৃত্যুর হাতছানির মধ্য দিয়েই বাধ্য হয়ে স্কুলে পাঠাতে হচ্ছে।

এ ব্যাপারে বানারীপাড়া সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আ. জলিল ঘরামী বলেন, ওই ব্রিজটি ভেঙে শিগগিরই নতুন ব্রিজ নির্মাণ করা হবে, আপাতত তা মেরামত করে দেওয়া হবে।

ইত্তেফাক/নূহু