খুলনায় বাড়ি থেকে অস্ত্রের মুখে ঘের ব্যবসায়ীকে অপহরণ

আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১০:০০
 
খুলনার সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার হরিহরপুর গ্রাম থেকে জ্যোতিষ মাহাতো (৪৫) নামে এক ঘের ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে গেছে বনদস্যুরা। এ সময় বাধা দিতে গিয়ে বনদস্যুদের গুলিতে আহত হয়েছেন জ্যোতিষের ভাই ধীরেস মাহাতো। বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ অপহরণের ঘটনা ঘটে। অপহৃত জ্যোতিষ হরিহরপুর গ্রামের মতি মাহাতোর ছেলে।
 
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোর ৩টার দিকে কোস্টগার্ডের লোক পরিচয় দিয়ে কয়রা উপজেলার হরিহরপুর গ্রামের মৎস্য ঘের ব্যবসায়ী জ্যোতিষ মাহাতোর বাড়িতে ১০/১২ জনের বনদস্যু দল প্রবেশ করে। মুহূর্তের মধ্যে বনদস্যুরা অস্ত্রের মুখে ঘর থেকে জ্যোতিষকে টেনে-হিঁচড়ে অপহরণ করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে বনদস্যুরা জ্যোতিষের ভাই ধীরেস মাহাতো গুলি করে।
 
এ ব্যাপারে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, খবর পেয়ে সকাল ৭টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহৃত ঘের ব্যবসায়ী জ্যোতিষ মাহাতোকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/আনিসুর