গৌরনদীর স্বাস্থ্যকেন্দ্রটি সমস্যায় জর্জরিত

আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১১:২২
 
বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এসে চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ এলাকাবাসীর। শুধুমাত্র একজন সার্জন ও একজন এ্যানেসথেসিস্টের অভাবে দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে ৫০ শয্যা বিশিষ্ট এ স্বাস্থ্যকেন্দ্রের দুটি অপারেশন থিয়েটার। গত ৬ মাস আগে এখানে একজন সার্জন ও একজন এ্যানেসথেসিস্ট নিয়োগ দেয়া হলেও অজ্ঞাত কারণে অপারেশন থিয়েটার দুটি এখনও চালু হচ্ছে না।
 
সরে-জমিন গিয়ে চিকিৎসকদের সাথে কথা বলে জানা গেছে, গৌরনদী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের মোট ২১টি পদ থাকলেও চিকিৎসক আছেন মাত্র ৯ জন। শূন্য রয়েছে ১২ চিকিৎসকের পদ। ওই চিকিৎসা কেন্দ্রে গাইনি, সার্জারি, মেডিসিন, চক্ষু, নাক-কান-গলা (ইএনটি), কার্ডিওলজি, অর্থ সার্জারি, চর্মও যৌন, শিশু বিভাগসহ ৯টি বিশেষজ্ঞ পদ রয়েছে। কিন্তু শুধুমাত্র গাইনি ও অর্থ সার্জারি বিভাগ বাদে বাকী ৭ চিকিৎসকের পদ শূন্য রয়েছে দীর্ঘদিন যাবত।
 
ওই স্বাস্থ্যকেন্দ্রে ২৬ নার্সের পদ থাকলেও আছে ২২ জন, তৃতীয় শ্রেণির ১০৭টি পদের মধ্যে আছে ৮৬ জন। ৪র্থ শ্রেণির ২৬টি পদের মধ্যে কর্মরত রয়েছেন ১৬ জন। ৬ জন সুইপারের মধ্যে আছে মাত্র দুইজন। বর্তমানে গৌরনদী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎস্যসহ বিভিন্ন পদে সবমিলে ৫৭টি পদ শূন্য রয়েছে। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের এক্সরে মেশিনটি বিকল অবস্থায় পড়ে রয়েছে গত ২ বছর যাবত। এ সব সমস্যার কারণে এখানে রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছে না। তারা নানাভাবে হয়রানীর শিকার হচ্ছেন। এ সমস্যা দীর্ঘদিনের হলেও সমাধানের উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই জনমনে তীব্রক্ষোভ বিরাজ করছে।
 
গৌরনদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের অপারেশন থিয়েটার দুটি চালুর ব্যাপারে বর্তমানে সেখানকার দায়িত্বে নিয়োজিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম কবির হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অপারেশন থিয়েটার দুটির একটিতেও ডায়াথামি মেশিন নেই, দোতালায় অপারেশন থিয়েটারের লাইট নেই। এছাড়া ২টি অপারেশন থিয়েটারের দরজা জানালা ভাঙা। তবে অন্তত একটি ডায়াথামি মেশিন ক্রয়সহ অন্যান্য সমস্যা সমাধান করা হলে অতিদ্রুত গৌরনদী স্বাস্থ্যকেন্দ্রের অপারেশন থিয়েটার চালু করা সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
 
ইত্তেফাক/জামান