৭০ বছর পর ভূমির স্বত্ব পেলেন দাসিয়ারছড়াবাসী

আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৪:০৮
 
৭০ বছর পর ভূমি মালিকানার স্বত্বলিপি হাতে পেয়ে খুশিতে আত্মহারা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াবাসী।এখন থেকে এখানকার মানুষ জমি কেনাবেচার জন্য রেজেস্ট্রিরি সম্পাদন, মালিকানা হস্তান্তর, ব্যাংক ঋণ গ্রহণসহ যাবতীয় কাজ করতে পারবেন।
 
বৃহস্পতিবার সকাল ১১টায় ভূমি মালিকদের মাঝে ৩ হাজার ৩শ' ৭৬টি খতিয়ান, প্রিন্ট পর্চা ও নকশা বিতরণের উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে দাসিয়ারছড়া কমিউনিটি রিসোর্স সেন্টারে ফুলবাড়ী উপজেলা প্রসাশন ও উপজেলা সেটেলমেন্ট অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্রনাথ উরাঁও প্রমুখ।
 
এর আগে দাসিয়ারছড়ায় জমি কেনাবেচা হতো মুখে মুখে বা সাদা কাগজে স্বাক্ষর করে। ফলে জমি সংক্রান্ত বিরোধ লেগেই থাকতো এ অঞ্চলে। ছিটমহল বাংলাদেশ হওয়ার পর সরকারিভাবে প্রাক জরিপ শেষে জমির প্রকৃত মালিক শনাক্ত করা জন্য ২০১৫ সালের অক্টোবর মাসে মাঠ রেকর্ড শুরু হয়েছিল। এরই ফলশ্রুতিতে দুই বছর পর ভূমি মালিকানার স্বত্বলিপি স্বরূপ খতিয়ান, প্রিন্ট পর্চা ও নকশা হাতে পেয়ে নারী-পুরুষ সবার মাঝে বাধ ভাঙা আনন্দ বিরাজ করছে।
 
স্বত্বলিপি হাতে পেয়ে দাসিয়ারছড়ার বাসিন্দা কালীকান্ত রায়, জুলহাস মণ্ডল উচ্ছাস প্রকাশ করে বলেন, এতদিন ভোগদখল করলেও ৭০ বছর পর আজ কাগজে কলমে আমরা জমির পূর্নাঙ্গ মালিক হলাম। এখন থেকে জমি রেজেষ্ট্রিরী করতে আর কোন সমস্যা হবেনা।
 
ইত্তেফাক/জামান