বিড়ি শিল্প ধ্বংসের চক্রান্তের প্রতিবাদে সিরাজগঞ্জে সমাবেশ

আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৭:৩২
বিড়ি শিল্প ধ্বংসের চক্রান্তকারীদের শাস্তির দাবিতে সিরাজগঞ্জ শহরের স্বাধীনতা স্কয়ারে  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ‘সিরাজগঞ্জ বিড়ি শ্রমিক ইউনিয়ন’ এ সমাবেশের আয়োজন করে। 
 
সমাবেশে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি বলেন, ৫০ বছর ধরে বিড়ি শিল্পকে ধবংসের চক্রান্ত করা হচ্ছে। কিন্ত বিড়ি শিল্প চক্রান্তকারীরা ধ্বংস করতে পারেনি। বিড়ি শিল্প সম্পর্ণ একটি দেশীয় শিল্প। এর সবকিছু দেশেই তৈরি হয়। কিন্তু বিদেশি টোব্যাকো কোম্পানি ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কিছু কর্মকর্তা বিড়ি শিল্প ধ্বংসের চক্রান্তে লিপ্ত রয়েছেন। আমরা এদের শাস্তি চাই। 
 
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, বিড়ি শিল্পকে বাঁচাতে হবে। এর সঙ্গে লাখ লাখ ‍মানুষ জড়িত। বিড়ি শিল্প বন্ধ হয়ে গেলে এই শিল্পে যারা নিয়োজিত আছেন তারা পথে বসবেন।
 
সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা সাংগঠনিক সম্পাদক হারিক হোসেন, সদস্য শামীম ইসলাম, সিরাজগঞ্জ বিড়ি শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা নব কুমার, সভাপতি আজাদ হোসেন, সাধারণ সম্পাদক আকবর আলী প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি