জনশক্তি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা) বলেছে, মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন এয়ারলাইন্স ভাড়া দ্বিগুণ করেছে। বিদেশগামীদের মেডিক্যাল ফি বেড়েছে ৭৫ শতাংশেরও বেশি। এর ফলে অভিবাসন ব্যয় বেড়ে যাচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া হলে জনশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। গতকাল মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে সংগঠনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান বায়রার নেতারা।
বায়রার সভাপতি সাংসদ বেনজীর আহমেদ বলেন, স্বাস্থ্য পরীক্ষার ফি বৃদ্ধি, অভ্যন্তরীণ বহির্গমন ছাড়পত্র, পুলিশ ছাড়পত্রসহ বিভিন্ন খাতে খরচ ও উড়োজাহাজের ভাড়া বৃদ্ধির কারণে অভিবাসন ব্যয় বেড়ে যায়। এতে বিদেশগামী কর্মীদেরও খরচ বেড়ে যাচ্ছে। বায়রা নেতারা মনে করছেন, এসব ক্ষেত্রে ব্যবস্থা না নেওয়া হলে জনশক্তি রপ্তানি বড় ধাক্কা খেতে পারে। সাংবাদিক সম্মেলনে সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি শফিকুল আলম ফিরোজ, সহ-সভাপতি মনসুর আহমেদ কালাম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান ও মোহাম্মদ তাজুল ইসলাম, সাজ্জাদ হোসেন, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী ও লিমা বেগমসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
