‘শেখ হাসিনা প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছেন’

আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ২১:২৬
 
যশোর-২ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার জন্য জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন।
 
বৃহস্পতিবার যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান নিয়ে ‘মানসম্মত শিক্ষা’শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
মনিরুল ইসলাম মনির বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে শতভাগ শিক্ষিত করার জন্য প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণ করেছেন। বছরের প্রথমদিন ১ম থেকে ৯ম শ্রেণির সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছেন। ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়ার ব্যবস্থা করেছেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীর অভিভাবকরা উপবৃত্তির টাকা পাচ্ছেন। শিক্ষকদের বেতন দ্বিগুণ করেছেন। অফিসে বসে বিদ্যালয়ের সকল কার্যক্রম সম্পন্ন করা যাচ্ছে।  শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, সার্বিক বিষয়ে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল হিসাবে পরিচিতি লাভ পেয়েছে। বিশ্বব্যাংকের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে।
 
বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রজব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির সভাপতি ফারদিনা রহমান এ্যানি, গ্রামীণ ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোসলেম আলী, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শিকদার মতিয়ার রহমান, হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, গভার্নিং বডির সদস্য আসাদুজ্জামান আসাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নির্বাসখোলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোসলেম আলী, মাস্টার এনামুল কবীর, গভার্ণিং বডির সদস্য সাদেক আলী, আবু দাউদ, আকরম হোসেন, শাহিনুর রহমান, তোফাজ্জেল হোসেন, আবু বক্কর ছিদ্দিক শানা, মফিজুর রহমান প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি