অভিনব কায়দায় তৈরি করা ভেলায় করে বৃহস্পতিবার পৃথকভাবে প্রবেশ করেছে ১৩২জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু। তাদের রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
জানা যায়, মিয়ানমারের আকিয়াব জেলার ধাওনখালী চর থেকে অভিনব কায়দায় তৈরি করা ভেলায় করে পৃথকভাবে বৃহস্পতিবার সকাল ১০টায় টেকনাফ শাহপরীরদ্বীপ জেটি ঘাটে ৭০জনের একটি দল পৌঁছে। এরই আগে আরো একটি ভেলায় করে ৬০জনের ১টি দল শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ায় পৌঁছে। তাদের বিজিবি জিম্মায় নেয়। এছাড়া আরো ২জন প্রবেশ করে। তাদের মধ্যে ৩১জন পুরুষ, ৪০জন নারী ও ৬১জন শিশু রয়েছে। বিজিবির জিম্মায় নেওয়া রোহিঙ্গাদের চিকিৎসা ও মানবিক সহায়তা দিয়ে ক্যাম্পে প্রেরণের প্রস্তুতি চলছে।
IMG0
অন্যদিকে একইদিন ভোর রাতে নৌকায় শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া সীমান্ত দিয়ে প্রবেশকালে শাহপরীরদ্বীপ বিওপি বিজিবি টহল দল ২টি নৌকাসহ ১৬২জন রোহিঙ্গাকে আটক করে হেফাজতে নেয়। এতে ৮৩জন শিশু, ৪১জন নারী ও ৩৮জন পুরুষ রয়েছে। সব মিলিয়ে ২৯৪জন রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষ বিজিবির হেফাজতে রয়েছে।
IMG1
শাহপরীরদ্বীপ বিওপি বিজিবির কোম্পানি কমান্ডার আব্দুল জলিল জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হেফাজতে থাকা রোহিঙ্গাদের পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। উল্লেখ্য বুধবার একই কায়দায় ১৫২জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু প্রবেশ করে।
ইত্তেফাক/আরকেজি
