কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষাকেন্দ্রে অনধিকার প্রবেশের দায়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আলম বিশ্বাসকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে থেকে তাকে আটক করে এ কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্র্যাম্যমাণ আদালতের বিচারক এসএম জামাল আহমেদ। দণ্ডিত রুহুল আলম বিশ্বাস (৪৭) মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রধান ফটক দিয়ে মোটরসাইকেলে তিন আরোহী ভেতরে ঢোকার চেষ্টা করেন।
এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্য তাদের গতিরোধ করে। নাম–পরিচয় ও ভেতরে ঢোকার অনুমতি আছে কি-না, জানতে চাইলে রুহুল আলমের সাথে বাক- বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
বিষয়টি তাৎক্ষণিকভাবে ইউএনও ও ওসিকে জানালে তারা সেখানে গিয়ে অভিযুক্তকে আটক করেন। পরে ওই বিদ্যালয়ের প্রধান ফটকেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্র্যাম্যমাণ আদালতের বিচারক এসএম জামাল আহমেদ জানান, ‘পাবলিক পরীক্ষাসমূহ আইন ১৯৮০’ এ পরীক্ষাকেন্দ্রে গোলযোগ সৃষ্টির অপরাধে রুহুল আলম বিশ্বাসকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
ইত্তেফাক/নূহু
