নোয়াখালীর সুবর্ণচরে নলকূপ থেকে গ্যাস নির্গত হচ্ছে

আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ২২:৫০
 
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের আবুল মাঝির বাড়িতে একমাস ধরে গভীর নলকূপ থেকে পানি বের না হয়ে নির্গত হচ্ছে গ্যাস। এ ঘটনা জানাজানি হলে তা দেখার জন্য প্রতিদিন আবুল মাঝির বাড়িতে উৎসুক মানুষের ভিড় জমে।
 
বাড়ির মালিক জামাল উদ্দিন জানান, একমাস আগে বাড়ির পাশে ধানক্ষেতে পানি সেচ দেয়ার জন্য ৪ ইঞ্চি ব্যাসের ৪২০ ফুট গভীর পাইপের নলকূপ স্থাপন করেন। এর দুইদিন সেচের জন্য পানি উঠাতে গিয়ে তিনি দেখতে পান নলকূপ দিয়ে পানি বের হচ্ছে না। পরে তিনি মিস্ত্রি এনে পানি উঠাতেও ব্যর্থ হন। একপর্যায়ে দেখা যায় পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে। তখন দিয়াশলাইয়ের দিয়ে আগুন জ্বালালে তা জ্বলে উঠে। বিষয়টি তিনি কয়েকদিন গোপন রাখেন। পরে তা জানাজানি হলে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে।
 
ঘটনা অবহিত হয়ে বুধবার সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু ওয়াদুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বিষয়টি গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্সকে অবহিত করা হবে। তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
 
ইত্তেফাক/আরকেজি