রাজধানীতে ফের কালবৈশাখী

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০১:০৫

রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে গতকাল কালবৈশাখী ঝড় বয়ে গেছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। এতে রাজধানীর বিভিন্নস্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। দুর্ভোগে পড়েছে নগরবাসী। এদিকে আজও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর বলেছে, এই ধরনের আবহাওয়া এখন স্বাভাবিক। মাঝে মাঝেই ঝড় ও বৃষ্টি হবে।

গতকাল মঙ্গলবার বেলা ১১টার পরে রাজধানীর আকাশ ছেয়ে যায় কালো মেঘে। এরপরই মুষলধারে নামে বৃষ্টি। বজ্রপাতও হচ্ছিল। আধা ঘণ্টা বৃষ্টির পর পরিষ্কার হয় আকাশ। ওঠে রোদও। কিন্তু সন্ধ্যায় রাজধানীতে ফের বয়ে যায় কালবৈশাখী ঝড়। এর গতিবেগ ছিল ঘণ্টায় ৮৫ কিলোমিটার। ছিল দমকা হাওয়া। এসময় ঢাকার মহাখালীর তিতুমীর কলেজের সামনে সড়ক বিভাজকের উপর গাছ উপড়ে পড়ে। এতে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। কয়েক ঘণ্টা পর গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। সন্ধ্যার এই বৃষ্টিতে সবচেয়ে ভোগান্তিতে পড়েন অফিস ফেরত লোকজন।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এছাড়া আজ বুধবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ঝড়ে পশুর চ্যানেলে দু’টি নৌযান ডুবি, নিখোঁজ ২

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, ঝড়ের কবলে পড়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলে শ্রমিকবাহী একটি লঞ্চ ও সারবাহী একটি বার্জ ডুবে গেছে। এ ঘটনায় লঞ্চে থাকা এক শ্রমিক ও বার্জের এক নাবিক নিখোঁজ রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হঠাত্ ঝড়ে পানামার পতাকাবাহী জাহাজ এম ভি এস স্কোপোস’র পাশে থাকা ২৫/৩০ জন শ্রমিক-কর্মচারী বহনকারী এম এল আকতার নামে একটি লঞ্চ ওই জাহাজের সাথে ধাক্কা লেগে ফেটে গিয়ে ঘটনাস্থলেই ডুবে যায়। শ্রমিক-কর্মচারী সাতরিয়ে সুন্দরবনে আশ্রয় নেয় এবং বাকীরা বিদেশী জাহাজটিতে উঠতে সক্ষম হলেও সাহালম নামের এক শ্রমিক নিখোঁজ রয়েছে।

এম ভি হারড্ডা নামে সারবাহী একটি বার্জ ডুবে একজন নাবিক নিখোঁজ রয়েছে বলে বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগের রেডিও অপারেটর সৈয়দ আহম্মেদ নিশ্চিত করেছেন।