কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিষহরির ডারা ব্রিজের পাটাতনের ঢালাই খুলে পড়ে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। একটু অসাবধানতায় প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
৩৫ বছর আগে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নাউয়াটারী-বড়মানী সড়কে বিষহরির ডারায় এলজিইডি ব্রিজটি নির্মাণ করে। এ পথে যাতায়াত করে জনবসতিপূর্ণ বড়মানী, নামাহাইল্যা, নমনটারী, কুড়ারপাড়, কবিরাজপাড়া, সরকারটারী, আনছারহাট, ধনীটারী, ফলিমারী, পানাতিটারী, তেলিয়ানীকুটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ। ক্রমে জরাজীর্ণ হয়ে যাচ্ছে তাদের পারাপারের এ ব্রিজ। খুলে যাচ্ছে রেলিং ও পাটাতনের ঢালাই। একটু একটু করে ঢালাই খুলে বেরিয়ে গেছে লোহার রড। ভাঙা অংশ দিয়ে এখন দেখা যায় নদীর পানি। পাটাতনের সেই গর্তে একটু অসাবধানতায় প্রতিদিন বাইসাইকেল, মোটর সাইকেল, রিক্সা-ভ্যান, ঠেলাগাড়িসহ যানবাহন উল্টে যায়। পথচারীদের পা ঢুকে গিয়ে আহত হচ্ছে।
স্থানীয় হযরত আলী, সোলজার হোসেন, বক্তার আলী, আলম, শহীদ প্রধান, মনছুর আলীসহ অনেকেই বলেন, এখন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার সম্ভব হলেও সংস্কারের অভাবে ধীরে ধীরে পাটাতনের গর্তগুলো বড় হয়ে ব্রিজটি চলাচল অনুপযোগী হয়ে যাচ্ছে। দ্রুত সংস্কার অথবা সেখানে একটি নতুন ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন তারা।
ইত্তেফাক/জামান
