দেশে চার হাজার আশ্রয়কেন্দ্র রয়েছে: মায়া

আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৫:৫৮
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দেশে প্রায় চার হাজার আশ্রয়কেন্দ্র রয়েছে যেখানে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ যে কোন দুর্যোগে মানুষ আশ্রয় গ্রহণ করে থাকে। এর বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি অবকাঠামোতেও মানুষ দুর্যোগকালে আশ্রয়গ্রহণ করে থাকে।
 
তিনি বলেন, 'উপকূলীয় জলোচ্ছ্বাসের জন্য এক সময় ১৩টি জেলাকে ঝুঁকিপূর্ণ মনে করা হতো। এখন এর পরিধি ১৯টিতে দাঁড়িয়েছে। বন্যাপ্রবণ জেলার সংখ্যাও ৩২টিতে উপনীত হয়েছে। এসব বিবেচনায় দেশের মানুষের জানমাল রক্ষায় আরও আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।'
 
শুক্রবার বাদ জুম্মা চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় একটি আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময় মন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি বলেন, 'কমপ্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম (সিডিএমপি) এর গবেষণায় টেকসই দুর্যোগ ব্যবস্থাপনার জন্য সাড়ে ছয় হাজার আশ্রয়কেন্দ্রের কথা বলা হয়েছে। এ গবেষণার আলোকে ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সাড়ে ছয় হাজার আশ্রয়কেন্দ্রে উপনীত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।'
 
 ভিত্তিপ্রস্তরের সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, চাঁদপুর জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম মাস্টার, ইউপি চেয়ারম্যান কল্যাণ সমিতির উপজেলা সভাপতি সামছুল হক চৌধুরী বাবুল প্রমুখ।
 
ইত্তেফাক/জামান