আসন্ন একাদশ সংসদ নির্বাচনে কে হচ্ছেন দলের টিকিটধারী প্রার্থী এ নিয়ে চলছে কুলাউড়া উপজেলাব্যাপী জল্পনা-কল্পনা। তবে এবার প্রতিদ্বন্দ্বিতার মাঠে রয়েছেন দল বদলের সাবেক তিন এমপি।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তিনজন সাবেক এমপি দল বদল করে অন্য দলে যোগদান করেছেন। তারা হলেন— তিনবারের সংসদ সদস্য নবাব আলী আব্বাস। তিনি জাতীয় পার্টি (এরশাদ) থেকে ১৯৮৬, ১৯৯১ ও ২০০৮ সালে মহাজোটের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালে তিনি এরশাদের দল ছেড়ে কাজী জাফরের জাতীয় পার্টিতে যোগদান করেন। পুনরায় ২০১৮ সালে তিনি জাতীয় পার্টির (এরশাদ) গ্রীন সিগন্যাল পেয়ে মনোনয়ন জমা দেন বলে জানা গেছে।
এ দিকে ডাকসুর সাবেক ভিপি আওয়ামী লীগ নেতা সুলতান মোঃ মনসুর আহমদ প্রার্থী হয়ে ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ নীরবতার পর এবার তিনি ড. কামাল হোসেনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে আসন্ন সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। এ ছাড়া বিএনপি নেতা এমএম শাহীন দলের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ২০০১ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি এবার ডা. বদরুদ্দোজার বিকল্প ধারায় যোগদান করে মনোনয়ন চাইছেন বলে জানা গেছে। দল বদলের এ ঘটনায় এলাকার সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। দল বদলের বিষয়টি এ তিন প্রার্থীর সমর্থকরা ভালো চোখে দেখছেন না।
