১২৫ রোহিঙ্গা উদ্ধার

আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ২০:৪৯
 
নৌকাযোগে আসা ১২৫জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। উখিয়ার ইমামের ডেইল সমুদ্র সৈকত থেকে শুক্রবার বিকেলে তাদের উদ্ধার করা হয়। নিষেধাজ্ঞার পরও রোহিঙ্গাদের আনায় নৌকার মাঝিকে আটক করা হয়েছে। 
 
আটক মাঝির নাম আবদুল মাজেদ (৩৭)। তিনি উপজেলার সোনারপাড়া এলাকার আবুল শামার ছেলে। 
 
তথ্যের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, রোহিঙ্গারা নানা ভাবে বাংলাদেশে প্রবেশ অব্যাহত রেখেছে। 
 
বুধবার থেকে ভেলায় করে রোহিঙ্গা আসার খবরে অসাধু কিছু নৌকার মালিক, মাঝি ও দালাল চক্র আবার নদী পথে রোহিঙ্গা আনতে তৎপরতা শুরু করেছে। এর ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে নৌকাযোগে রোহিঙ্গারা নাফ নদীর তীরে আসলে পুলিশ তাদের উদ্ধার করে। এখানে নারী-শিশু ও পুরুষ মিলিয়ে প্রায় ১২৫জন রোহিঙ্গা রয়েছে। যাদের অধিকাংশই শিশু ও নারী। তাদের কুতুপালং ক্যাম্পে পাঠানোর উদ্যোগ চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে রোহিঙ্গা বহনের দায়ে নৌকার মাঝি মাজেদকে আটক করা হয়েছে। 
 
ইত্তেফাক/আরকেজি