চাঁদা দাবিতে বাসে হামলা ও চালককে মারধর

আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ২২:৩৪
 
৫ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় গুলিস্থান-সোনারগাঁ চলাচলরত এক পরিবহন কোম্পানির যাত্রীবাহী বাসে হামলা ও চালককে মারধর করেছে সন্ত্রাসীরা।
এ হামলার ঘটনাটি ঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডে। এ ঘটনায় সন্ত্রাসী মোবারক হোসেনসহ ৪জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে থানা একটি মামলা দায়ের করেন দোয়েল লিমিটেড বাস সার্ভিসের এমডি গোলজার হোসেন ভূঁইয়া।
 
দোয়েল লিমিটেড ব্যবস্থাপক নূরুজ্জামান মোল্লা জানান, বন্দর উপজেলা মদনপুর ইউপি লাউসার এলাকার ইদ্রিস আলীর ছেলে মোবারক হোসেন বিভিন্ন মাধ্যম ও মোবাইল ফোনে দীর্ঘ দিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে নানান হুমকি দমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। তার হুমকি-দমকি অব্যহত থাকলে এক পর্যায়ে তার দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে উঠে সন্ত্রাসী মোবারক হোসেন। 
 
বুধবার রাতে মোবারক তার সহযোগী সাইফুল খন্দকার, রহমতউল্লাহ, মামুনসহ ৫-৬জন মিলে ঢাকা থেকে সোনারগাঁয়ের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস মদনপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে বাসের চালক মো. আব্দুল মালেক গাড়ি থেকে রাস্তায় নামিয়ে পিটিয়ে জখম করে। এসময় যাত্রীরা এগিয়ে আসলে তাদেরও মারধর এবং গাড়ি ভাংচুর করে। 
 
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোলজার হোসেন ভূঁইয়া বাদী হয়ে সন্ত্রাসী মোবারক হোসেন, সাইফুল খন্দকার, রহমতউল্লাহ ও  মামুনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।   
 
বন্দর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, যাত্রীবাহী বাসের চালককে মারধরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/আরকেজি