দিনমজুরী করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বছর ভর্তির সুযোগ পেলেও অর্থের অভাবে উচ্চ শিক্ষা থেকে সটকে পড়ার আশঙ্কা করছেন রাধা নাথ রায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশ নিয়ে 'ঘ' ইউনিটে ২৫তম মেধাক্রম অর্জন করেছেন।
রাধা নাথ রায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের শালমারা গ্রামের ভূমিহীন দিনমজুর কামিনী রায়ের ছেলে। জন্ম থেকে অভাবের সাথে নিত্য লড়াই করা রাধা নাথ স্থানীয় দুরাকুটি উচ্চবিদ্যালয় থেকে ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায়। উচ্চ মাধ্যমিকে ভর্তির সময় লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়। এরপর বাবা মায়ের সাথে দিনমজুরী করে কাজের ফাঁকে পড়াশুনা চালিয়ে যায় রাধা নাথ। ২০১৭ সালে বেগম কামরুন নেছা ডিগ্রী কলেজ থেকে এইচএসসিতে জিপিএ- ৪.৮৩ পেয়ে উত্তীর্ণ হন।
তার ইচ্ছে পূরণে জীবনের শেষ যুদ্ধ ক্ষেত্রে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশ নেয় রাধা নাথ। সেখানেও 'ঘ' ইউনিটে ২৫তম স্থানে অবস্থান হয় তার। শুধু ঢাবি নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার সুযোগ হয় এ মেধাবীর। জীবনের প্রতিটি পদে বাঁধা হয়ে দাঁড়ায় অভাব নামের শব্দটি। যেন কোন ভাবেই এ শব্দটি পিছু ছাড়ছে না। শেষ পর্যন্ত কি অদম্য মেধাবী অর্থের কাছে হেরে যাবেন? একটু সহযোগিতা পেলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবেন রাধা নাথ রায়।
ইত্তেফাক/জামান
